Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তের ওপারে চা বাগানে ঘুরছে দুই চিতাবাঘ, আতঙ্কে বাংলাদেশি গ্রামবাসী

 

নদীর ওপারে ভারতের একটি চা বাগানে চিতাবাঘ দুটিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের ওপারে ভারতের একটি চা বাগানে দুটি চিতাবাঘের বিচরণের খবর পাওয়া গেছে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের শুভানপাড়া ও মণ্ডলপাড়া এলাকার বিপরীতে নাগর নদীর ওপারে ভারতের একটি চা বাগানে চিতাবাঘ দুটিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চা বাগান এলাকায় চিতাবাঘ দুটি দেখতে পান স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন। এ সময় তিনি নিজের মুঠোফোনে প্রাণী দুটির ছবি ধারণ করেন। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে চিতাবাঘ দেখতে সীমান্তবর্তী এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সীমান্তের ওপারে ভারতের বিস্তীর্ণ চা বাগান ও ঝোপঝাড় থাকায় খাবার কিংবা প্রজননের সন্ধানে চিতাবাঘ দুটি নাগর নদী পার হয়ে বাংলাদেশের লোকালয়ে প্রবেশ করতে পারে। এ কারণে সীমান্তবর্তী এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের আগস্টের শেষদিকে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন নাগর নদীতে কুমির ভেসে ওঠার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়া সম্প্রতি বালিয়াডাঙ্গীর বিভিন্ন এলাকায় হায়েনার আক্রমণ এবং বনরুই ও নীলগাইয়ের মতো বন্যপ্রাণীর উপস্থিতির খবর পাওয়া গেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, ধনতলা ইউনিয়নের নাগর নদীর ওপারে ভারতীয় সীমান্তসংলগ্ন একটি চা বাগানে দুটি চিতাবাঘ দেখা যাওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও ঘটনাটি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও জেলা বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, "নাগর নদীর ওপারে ভারতের ভূখণ্ডে দুটি চিতাবাঘ দেখা গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।"

এদিকে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নাগর নদী পারাপার ও আশপাশে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

   

About

Popular Links

x