Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তা, ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীর আত্নহত্যা

তিনি বড় পলাশবাড়ী ইসলামিক ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দাখিল নির্বাচনী পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তার মধ্যে মরজিনা আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরজিনা স্থানীয় বড় পলাশবাড়ী ইসলামিক ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে চলা নির্বাচনী পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় দুশ্চিন্তায় ছিল মরজিনা। পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী সময়ে ফরম পূরণ করতে দেওয়া হবে না এমন আশঙ্কার কথাও সে পরিবারের সদস্যদের জানিয়েছিল।

মরজিনার চাচা আব্দুল্লাহ জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় চিৎকার শুনে তিনি ছুটে যান। পরে শয়নকক্ষে মরজিনাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। কয়েক দিন ধরে পরীক্ষা নিয়ে সে উদ্বিগ্ন ছিল বলেও জানান তিনি।

মরজিনার বাবা মজিবর রহমান জানান, তার মেয়ে পড়াশোনায় ভালো ছিল। কয়েক দিন ধরে পরীক্ষা খারাপ হওয়ায় মন খারাপ করে থাকত। তিনি মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, এতে চিন্তার কিছু নেই। তবে শেষ পর্যন্ত তাকে হারাতে হলো।

বড় পলাশবাড়ী ইসলামিক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কুসুম উদ্দীন বলেন, "মাদ্রাসার নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে, তবে ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পরীক্ষায় অকৃতকার্য হলেও পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।"

বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বলেন, "পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।"

   

About

Popular Links

x