আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে কাজের গতি শ্লথ হচ্ছে কি না, তা নিয়ে জরুরি সচিব সভায় প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানোর পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনগুলো জনগণের সামনে জোরালোভাবে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত নোটিশে বৃহস্পতিবার সকালে এই জরুরি সভা ডাকা হয়। বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেন।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব ও সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় প্রশাসনের কোনো পর্যায়ে কাজের গতি কমিয়ে রেখে কেউ ‘ডিসেম্বরের জন্য অপেক্ষা’ করছেন কি না, সে বিষয়টি আলোচনায় উঠে আসে। পাশাপাশি সভায় সাম্প্রতিক শ্রমিক আন্দোলন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে মৃত্যুদণ্ড দেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এরপর গত ৯ নভেম্বর তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না। তিনি মন্তব্য করেন, “শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। একজন ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) রয়েছে, সেই অনুযায়ী তাকে হ্যান্ডওভার (হস্তান্তর) করতে হবে।”
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে জানান, শেখ হাসিনার আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করে দেখছে। আইনগতভাবে তার আবেদন করার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে।



