Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতামূলক গুলি, মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার ৮

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম

অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, ১৫ নভেম্বর দিবাগত রাতে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের চলাচল লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে।

সীমান্তে নজরদারি আরও জোরদার করতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য ও সীমান্ত ফাঁড়ির (বিওপি) জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

   

About

Popular Links

x