রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় সংগীতের সুরে একসঙ্গে ঝলসে উঠল নয়টি কাচি। হলুদ শাড়ি, খোঁপায় গাঁদা ফুলের মালা আর হাতে ফুলের রাখি পরে ধান কাটতে মাঠে নামলেন নয় নারী। শুরু হলো ব্যতিক্রমী ধান কাটার প্রতিযোগিতা। ১০ মিনিট ১৫ সেকেন্ডে ১৩ দশমিক ৫ মিটার ধান কেটে প্রথম হলো ফরসাপাড়া গ্রামের নারীদের দল। অন্যদিকে পিঠাপুলি, সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) উদ্যাপিত হয়েছে নবান্ন উৎসব।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে কৃষকের নবান্ন উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষক মনিরুজ্জামান ব্যক্তিগত উদ্যোগে আট বছর ধরে এ উৎসবের আয়োজন করে আসছেন। প্রতিযোগিতায় ক্লান্তপাশা, পাথরঘাটা কাছারিপাড়া ও ফরসাপাড়া গ্রামের নয়জন নারী তিনটি দলে ভাগ হয়ে অংশ নেন। উৎসবের আমেজে সেজেগুজে কাচি হাতে তাদের ধান কাটার দৃশ্য উপভোগ করেন দর্শকেরা।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে পাথরঘাটা কাছারিপাড়া দল, তাদের সময় লেগেছে ১১ মিনিট ৫ সেকেন্ড। প্রথম স্থান অর্জনকারী দলের প্রধান রেখা কুজুর বলেন, “খুবই খুশি হয়েছি। এত অল্প সময়ে কীভাবে ধান কেটে প্রথম হলাম, তা বলতে গেলে বলতে হয়, আমরা জাদু জানি।” দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান শাবানা এক্কা বলেন, “হার-জিত নিয়েই তো প্রতিযোগিতা। এবার প্রথমবার অংশ নিয়েছি। প্রথম হতে না পারলেও আগামীবার সেই চেষ্টা থাকবে।”
উৎসবের আয়োজক মো. মনিরুজ্জামান বলেন, “কৃষকের জীবনে আনন্দের উপলক্ষ খুব বেশি আসে না। কখনো খরায় ফসল নষ্ট হয়, কখনো বন্যায় তলিয়ে যায় জমি। ভালো ফলন হলেও অনেক সময় ন্যায্য দাম মেলে না। এমন নানা প্রতিকূলতার মধ্যে থাকা কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বছরে অন্তত একটি দিন নবান্ন উৎসবের আয়োজন করি।”
ধান কাটার প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিখা সরকার। উৎসবের নিয়ম অনুযায়ী প্রতিবছর একজন গুণী কৃষককে নবান্ন সম্মাননা দেওয়া হয়। এবার এ সম্মাননা পেয়েছেন মোহনপুর উপজেলার কৃষক ও স্বশিক্ষিত কৃষি উদ্ভাবক হাফিজ উদ্দিন মৃধা। নিজের প্রচেষ্টায় তিনি ছয় জাতের পেঁয়াজের বীজ উদ্ভাবন করেছেন। এসব জাতের পেঁয়াজ দীর্ঘদিন চাতালে সংরক্ষণ করা যায় এবং ফলনও ভালো হয়। ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কৃষকদের কাছে তার উদ্ভাবিত বীজের চাহিদা রয়েছে।
সম্মাননা গ্রহণের পর হাফিজ উদ্দিন মৃধা জানান, শৈশবে বাবা মারা যাওয়ায় ষষ্ঠ শ্রেণি পাসের পরই পড়াশোনা ছেড়ে তাকে লাঙল ধরতে হয়েছিল। তখন প্রার্থনা করতেন, লাঙলের ফলা দিয়েই যেন সোনা ফলাতে পারেন। নিজের উদ্ভাবনের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন বলে মনে করেন তিনি। প্রধান অতিথি শিখা সরকার তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি বলেন, “নবান্ন বাঙালির প্রাণের উৎসব। বরেন্দ্র অঞ্চলের সন্তান হিসেবে শৈশবের নবান্ন, পিঠাপুলি ও গ্রামীণ উৎসবের স্মৃতি আমার মনে গেঁথে আছে। এ আয়োজনে এসে যেন শৈশবে ফিরে গেছি আমি।”
এদিকে পহেলা অগ্রহায়ণ উপলক্ষে সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন চত্বরে নবান্ন উৎসবের আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ। সকাল ৯টায় বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ ও কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আরিফুর রহমান। পরে তারা পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন, যেখানে বাংলার ঐতিহ্যবাহী শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়।
শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার পর একটি বর্ণাঢ্য নবান্ন শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. মাহমুদুল হাসান। অতিথিরা বলেন, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব সবার, আর এ দায়িত্ব পালনে কৃষি অনুষদ কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গোদাগাড়ীর আয়োজনে অতিথি হিসেবে ছিলেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মতিউর রহমান, অধ্যাপক সায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক নিলুফার সুলতানা ও সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব আলী।



