Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদক সেবনের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য আবারও আটক

একটি বাড়িতে মাদক সেবনের আসর থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক বরখাস্ত হওয়ার পরও একই অভিযোগে আবারও আটক হয়েছেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। 

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী নগরীর হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মাদক সেবনের আসর থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে হেতেমখাঁ লিচুবাগান এলাকার ওই বাড়িতে মাদক সেবনের সময় স্থানীয়রা মেহেদী হাসানকে হাতেনাতে ধরে আটকে রাখেন। খবর পেয়ে বোয়ালিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ওই ঘর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়।

আটক মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়; তিনি রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় বসবাস করেন। এর আগে কয়েক মাস আগে রাজশাহীর চারঘাট থানায় কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। সে সময় ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এবং তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়, যার তদন্ত এখনো চলমান রয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, মেহেদী যে ঘরে ছিলেন সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেলেও সরাসরি কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিভাগীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করানো হচ্ছে। পরীক্ষার ফল পজিটিভ এলে মাদক সেবনের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে; আর নেগেটিভ এলে ঘটনার বিষয়ে প্রতিবেদন দিয়ে তাকে জেলা পুলিশে হস্তান্তর করা হবে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আগের ঘটনায় ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত চলছে। নতুন করে মাদক সেবনের আসর থেকে আটকের বিষয়টি জানার পর রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে পুনরায় ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারও ফল পজিটিভ এলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x