২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৫ নভেম্বর) প্রাথমিক শুনানি শেষে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
এর আগে, স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে গত ৭ অক্টোবর রিটটি করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়।
রিট আবেদনের পর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপনও জারি করে।
পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।



