Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেসরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স, শ্রেণিপ্রতি শিক্ষার্থীর সংখ্যা, ভর্তি পরীক্ষার সময়সূচি ও নম্বর বণ্টন, ভর্তি ফি এবং ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাচমেন্ট এরিয়াভিত্তিক কোটাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতিমালা কার্যকর হবে।

নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে সাধারণভাবে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা

প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। সে অনুযায়ী, শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।

বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

শিক্ষাবর্ষ ও শ্রেণিপ্রতি শিক্ষার্থী

নীতিমালা অনুযায়ী, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ

শিক্ষাবর্ষ শুরুর আগে ভর্তি কমিটি যুক্তিসংগত সময়ের মধ্যে পরিচালনা কমিটির সভা আহ্বান করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে। একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন দিনে ভর্তি পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পরীক্ষার সময়সূচি ঠিক করতে হবে।

ভর্তি কার্যক্রম পরিচালনা

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষ এক বা একাধিক উপকমিটিও গঠন করতে পারবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে ৫০ নম্বরের। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। অন্যদিকে চতুর্থ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।

ভর্তিতে সর্বোচ্চ ফি কত

নীতিমালায় এলাকাভেদে সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে। মফস্বল এলাকায় এ ফি সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১,০০০ টাকা এবং জেলা সদর পৌর এলাকায় ২,০০০ টাকা।

ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩,০০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি নিতে পারবে না।

অন্যদিকে ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় সর্বোচ্চ ৮,০০০ টাকা নিতে পারবে। এসব প্রতিষ্ঠানের ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০ টাকা নেওয়ার সুযোগ রয়েছে।

তবে উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ৩,০০০ টাকার বেশি আদায় করতে পারবে না।

ঢাকা মহানগরীর স্কুলে ৪০ শতাংশ আসন সংরক্ষণ

ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে স্কুলসংলগ্ন ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সেবা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৪০% আসন সংরক্ষণ করতে হবে। বাকি আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। 

তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়াভিত্তিক ৪০% কোটা প্রযোজ্য হবে না। একই ক্যাচমেন্ট এরিয়ায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটিতে ভর্তির আবেদন করতে পারবে।

ঢাকা মহানগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সহায়তায় নিজ নিজ স্কুলের ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সেবা অঞ্চল নির্ধারণ করবেন। এ এলাকা নির্ধারণ নিয়ে একাধিক স্কুলের মধ্যে মতপার্থক্য বা জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তা সমাধান করবেন।

   

About

Popular Links

x