Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব আজ

ভাই-বোনের মধ্যকার অনিন্দ্যসুন্দর সম্পর্ক ঘিরেই হয় ‘ভাইফোঁটা’ 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ভাই-বোনের সম্পর্কের বন্ধন, স্নেহ, মমতা আর ভালোবাসার এক বিশেষ দিন আজ।  এই দিনটি হচ্ছে ভাইফোঁটা। ভাই-বোনের মধ্যকার অনিন্দ্যসুন্দর সম্পর্ক ঘিরেই প্রচলিত হয়েছে উৎসবটি। 

ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় কপালে ফোঁটা দিয়ে প্রতিবছর এ উৎসব পালন করেন বোনেরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পারিবারিক সম্প্রীতি ও আত্মিক বন্ধনের বার্তা নিয়ে আসে এই উৎসব। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবটি পালন করে থাকে। 

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে ভাইফোঁটা উৎসবটি পালন করে। বাংলা বর্ষের কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর এ উৎসব পালিত হয়। এটি ভাইদ্বিতীয়া বা ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। 

ভাইফোঁটা উৎসব কেন করা হয় তার পিছনে অনেক পৌরাণিক ব্যাখ্যা বা কাহিনী রয়েছে। 

বলা হয়ে থাকে যে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনাদেবী তাঁর ভাই যমরাজের মঙ্গল কামনায় আরাধনা করেন; যার পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনাদেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমানকালের বোনেরাও এই সংস্কার বা ধর্মাচার পালন করে আসছেন। 

কাহিনিমতে, একদা প্রবল পরাক্রমশালী বলির হাতে বিষ্ণু পাতালে বন্দী হন। দেবতারা পড়েছেন মহাবিপদে। কারণ, কোনোমতেই তারা নারায়ণকে বলির কবল থেকে বের করে আনতে পারছেন না। শেষ পর্যন্ত এগিয়ে এলেন স্বয়ং লক্ষ্মী। তিনি বলিকে ভাই হিসেবে স্বীকার করেন। সেই উপলক্ষে তাঁর কপালে তিলক এঁকে দেন। ভ্রাতৃত্বের বন্ধন স্বীকার করে বলি লক্ষ্মীকে উপহার দিতে চাইলে লক্ষ্মী চেয়ে নেন ভগবান বিষ্ণুকে। সেই থেকেই ভাইফোঁটা উৎসবের সূচনা। 

এসব পৌরাণিক ব্যাখ্যা বা ধর্মের কাহিনি যা-ই থাকুক না কেন, বর্তমানে ভাইফোঁটা একটি সামাজিক উৎসব। এই উৎসবে পারিবারিক সম্পর্কগুলো আরও পোক্ত হয়। তাই ভাইফোঁটার ধর্মীয় গুরুত্ব অপেক্ষা সামাজিক ও পারিবারিক গুরুত্ব অনেক বেশি, এখানে ভাইবোনের মধ্যকার প্রীতি ও ভালোবাসার সম্পর্কটির গুরুত্বই বেশি। 

   

About

Popular Links

x