বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া টাকা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পরিশোধের সুপারিশ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। অর্থের প্রাপ্যতা অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে পাওনা পরিশোধের সুপারিশ করেছে কমিটি।
কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন হলে দীর্ঘদিন ধরে পাওনার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কমিটির সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।



