বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২১ নভেম্বর থেকে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৬ জানুয়ারি।
শনিবার (৭ নভেম্বর) এসব তথ্য দিয়েছেন বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান। তিনি বলেন, “আমরা ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষার নেয়ার জন্য সেই প্রস্তুতি নিয়ে আগাচ্ছি।’’
ভর্তি কমিটির প্রধান অধ্যাপক কামরুল হাসান বলেন, “আমরা পরীক্ষা নিব মাত্র ১০ হাজার শিক্ষার্থীর। সেখানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তার দ্বিগুণ। ১০ হাজারের বেশি আবেদন পড়লে সেখান থেকে অনেকে বাদ পড়বে। তাই, আমাদের ভর্তি আবেদন যোগ্যতা শিতিল করার কোন প্রয়োজন নেই। আর আমাদের ভর্তি পরীক্ষা নেয়ার জায়গা সীমিত। আমরা ১০ হাজারের বেশি শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারি না।’’
ভর্তি আবেদনের সময়সীমা কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানান তিনি।



