Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত বাস থেকে ফেলে ২ যাত্রীকে হত্যার অভিযোগ

রংপুরের ঘটনায় ড্রাইভার-হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর পেছনের চাকায় পিষ্ট করে মুকুল (৩৩) ও শাকিব (২৬) নামের দুই চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ উপজেলার জিগাতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার কালু মিয়ার ছেলে মুকুল মিয়া এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব হোসেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করতেন চাচা মুকুল ও ভাতিজা শাকিব। শনিবার রাতে তারা কুমিল্লা থেকে ‘সাইমুন ক্লাসিক’ নামে একটি বাসে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাসের হেলপার ও সুপার ভাইজারের সঙ্গে ভাড়ার টাকা নিয়ে তাদের ঝগড়া বাধে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদেরকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে ওই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ ব্যাপারে নিহত মুকুলের বাবা কালু মিয়া, লোকমান বসুনিয়া ও স্বজনদের অভিযোগ, নিহতদের কাছে থাকা মোটা অঙ্কের টাকা নেওয়ার উদ্দেশ্যেই মূলত বিবাদের সৃষ্টি করা হয়েছিল। তাদের হত্যা করার উদ্দেশ্যেই চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে তারা নিহত হন।

এ ঘটনায় এলাকাবাসী বাস এবং ড্রাইভার জয়নাল ও হেলপার সফিককে আটক করে। খবর পেয়ে তারাগ থানা পুলিশ ঘটনা স্থলে এলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

পরে নিহত দুজনকে পুলিশ উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে এলে তাদের বুক ফাঁটা আর্তনাদে সেখানে শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। 

এ ব্যাপারে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, ড্রাইভার ও হেলপারকে থানা হাজতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x