কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর এবং শেষ হবে ৩১ ডিসেম্বর।
তবে আবেদনের সময় পরিবর্তন করা হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এ বছর আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হচ্ছে।
রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, মূলত ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা যাতে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারেন, সে জন্য আবেদনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই তারা আবেদন করতে পারবেন। তবে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীর নির্ধারিত আবেদনযোগ্যতা না থাকলে তার আবেদন বাতিল করা হবে।



