Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

জলবায়ু ন্যায্যতার দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন

লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

জলবায়ু ন্যায্যতা, ক্ষয়ক্ষতির জন্য পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা এবং উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে খুলনার ভৈরব ও রূপসা নদীর মোহনা জেলখানা ঘাটে নৌকায় মানববন্ধন ও খালি কলস প্রদর্শন করেছে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে ব্যতিক্রমধর্মী এই প্রতীকী কর্মসূচি পালিত হয়। বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর সহযোগিতায় তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি চলাকালে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা এবং অব্যাহত কার্বন নিঃসরণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস, গতিপথ পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির তীব্র সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা এবং পরিবেশগত বিপর্যয়ের মতো বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হচ্ছে।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণায়ন, কোনো সংকটের পেছনেই বাংলাদেশ তথা উপকূলের মানুষ দায়ী নন। অথচ প্রতিনিয়ত এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতি ভয়াবহ দুর্যোগের শিকার হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে তা ভুক্তভোগী দেশগুলোকে দিতে হবে। এই অর্থ কোনো দান, ঋণ বা অনুদান নয়; বরং এটি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত ও ক্ষতি মোকাবিলায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম মণ্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়েৎ হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির, হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুণ্ডু, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার লিনা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. শওকত হোসেন প্রমুখ।

কর্মসূচিতে নৌকার ওপর খালি মাটির কলস, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব তুলে ধরা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

   

About

Popular Links

x