Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ ৫ জনকে গ্রেপ্তার

গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

ঢাকার ধামরাইয়ে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

রবিবার (১৫ নভেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।

এদের প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলেও দাবি তাদের। 

গ্রেপ্তাররা হলেন- ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান (২২), তিনি ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার মো. সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান (২৩), তিনি ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন- ধামরাই বাথুলী এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন (২২), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা (২৮), তিনি ধামরাই মডেল টাউন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধোপড়া গ্রামের লেলিন বালা (২০), তিনি ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। যদিও এদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

গতকাল শনিবার দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে আটক করা হয় তাদের।

পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলো। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “গ্রেপ্তারদের সঙ্গে আওয়ামী লীগ নেতা গার্নেলের যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা ও অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”

   

About

Popular Links

x