Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, আটক ৪ 

হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবীরা ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

রাজশাহীর আদালত চত্বরে ইয়ামিন আলী নামের এক আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রতিপক্ষের লোকজন। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। 

হামলায় মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন ওই আইনজীবী। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন অন্য আইনজীবীরা। 

রবিবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আহত ইয়ামিন আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় তিনি বাদী। জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

রবিবার ওই মামলার দিন ধার্য ছিল। আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন থেকে বের হওয়ার পর কয়েকজন ব্যক্তি ইয়ামিন আলীকে ঘিরে ধরেন। এরপর তারা একযোগে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবীরা চারজনকে আটক করেন। একপর্যায়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) অফিসের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম বলেন, ‘‘মামলা করার কারণে এর আগেও অভিযুক্ত ব্যক্তিরা আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।’’ আগের ঘটনার বিচার হলে আজকের (রবিবার) হামলার ঘটনা ঘটত না বলে মনে করেন তিনি। 

আহত আইনজীবী অভিযোগ করে বলেন, ‘‘জমিজমা নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার বাম হাত ভেঙে দিয়েছিল।’’ ওই ঘটনায় তিনি মামলা করেন। রবিবার সেই মামলার আসামিরা আদালত থেকে জামিন পাওয়ার পর তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা অতর্কিত হামলা চালান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। 

রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ‘‘আইনজীবীর ওপর হামলার ঘটনায় ৪ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।’’ 

   

About

Popular Links

x