রাজধানীর পশ্চিম রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে ২ জন কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমান ও সাজু আহমেদ নামে দুই কর্মচারী আহত হয়েছেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পলাশ জানান, সন্ধ্যা সাতটার দিকে চারজন যুবক কার্যালয়ে ঢুকে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, একটি ইন্টারনেট কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য পুলিশ পাঠানো হয়েছে।



