Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি মাল্টা ও আপেল আমদানিতেও করভার উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

খেজুর, মাল্টা ও আপেলের নতুন শুল্কহার

খেজুর: মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মাল্টা ও আপেল: আগামী ২৪ জানুয়ারি থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি কর মেয়াদে বা প্রতি মাসে দাখিলপত্র (রিটার্ন) দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে তা পেশ করার বিধান করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছিলেন। জারিকৃত ওই অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তর করার উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।

   

About

Popular Links

x