Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

৮ নভেম্বর কি সরকারি ছুটি? পাবেন যারা

একটি গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সর্বসাধারণের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

আগামী ৮ নভেম্বর (রবিবার) সরকারি ছুটি থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সর্বসাধারণের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আগামী ৮ নভেম্বর কোনো সাধারণ ছুটি কিংবা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। দিনটি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কার্যদিবস হিসেবে গণ্য হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৮ নভেম্বর রবিবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী, সাধারণ সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন সাপেক্ষে এ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক-বিমা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় কিছুটা ভিন্নতা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের অনুমোদিত ছুটির সূচি অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটি রয়েছে।

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা বা কালীপূজা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে উদযাপিত হয়ে থাকে। আগামী রবিবার (৮ নভেম্বর) সারাদেশে এই পূজা অনুষ্ঠিত হবে।

   

About

Popular Links

x