প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’। ২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি/সমমান পাস করে দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণি বা সমমান অথবা ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। এছাড়া ২০২৫ সালে এইচএসসি/সমমান বা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই বৃত্তির আওতাভুক্ত থাকবেন।
আবেদনকারী শিক্ষার্থীর পিতা বা মাতাকে অবশ্যই বিএমইটির বহির্গমন ছাড়পত্রপ্রাপ্ত বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিবন্ধিত সদস্য হতে হবে। একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ দুজন সন্তান এ বৃত্তির সুবিধা পাবেন।
এসএসসি (২০২৬): বিজ্ঞান বিভাগে সাধারণ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ-৫.০০ এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৪.০০। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সাধারণ শিক্ষার্থীদের জিপিএ-৪.৭৫ এবং প্রবাসে মৃতদের সন্তানদের জিপিএ-৪.০০ থাকতে হবে।
এইচএসসি (২০২৫): বিজ্ঞান বিভাগে সাধারণদের জন্য জিপিএ-৪.৮০ এবং মানবিক/ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪.৫০। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের জন্য সব বিভাগে ন্যূনতম জিপিএ-৪.০০ নির্ধারিত।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (২০২৫): সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিএ/জিপিএ-৩.২৫ এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৩.০০।
আবেদনের সাথে প্রবাসী কর্মীর পাসপোর্টের কপি, বিএমইটি ছাড়পত্র/সদস্যপদের প্রমাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নম্বরসহ প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, ছবি, স্বাক্ষর এবং তফসিলি ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে খোলা ব্যাংক হিসাবের চেকবই বা স্টেটমেন্ট দিতে হবে (এজেন্ট ব্যাংকিং গ্রহণযোগ্য নয়)। প্রবাসে মৃত কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ মিশনের এনওসি জমা দেওয়া বাধ্যতামূলক।
কোর্সের ধরন অনুযায়ী বৃত্তির মেয়াদ নির্ধারিত হবে ২ থেকে ৫ বছর পর্যন্ত (যেমন: একাদশ-দ্বাদশ ২ বছর, সাধারণ ডিগ্রি ৩ বছর, অনার্স/ইঞ্জিনিয়ারিং ৪ বছর এবং মেডিকেল ও স্থাপত্য বিষয়ে ৫ বছর)।
আগ্রহী শিক্ষার্থীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অভিভাবকের নামের সঙ্গে সনদের নামের অমিল থাকলে কিংবা ভুল তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত লিংকে।



