‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান তথ্য কর্মকর্তার (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে।”
উল্লেখ্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালের ৯ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে পৃথক ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা হয়েছিল। পরবর্তীতে ১৯৯৪ সালের ৫ মে বিএনপি সরকারের মেয়াদে মন্ত্রণালয়টির নাম সম্প্রসারণ করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়।



