Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্থানীয় সরকারের সব ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

নতুন এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজ, সেবা গ্রহণ ও পণ্য কেনার নতুন দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ বা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একইভাবে সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি।

ফলে স্থগিতাদেশ কত দিন কার্যকর থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্দেশনায় স্পষ্ট করা হয়নি।

   

About

Popular Links

x