Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগারগাঁওয়ে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়

আগামী মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম

আগামী মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। 

মন্ত্রিসভার অনুমোদন পেলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় স্থানান্তরের লক্ষ্য নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নির্বাহী প্রকৌশলীদের লটারিতে বদলি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সে অনুযায়ী নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়।

তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপিত হবে এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে পরবর্তী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’’ 

মন্ত্রী তার বক্তব্যে বর্তমান সচিবালয়ে প্রায়ই গাড়ি পার্কিং এবং স্থানসংকটের কারণে জটিলতা তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘তাছাড়া বর্তমানে সচিবালয়ের বেশিরভাগ ভবন ১৯৬০-এর দশকে তৈরি হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সুরক্ষা ও সুরক্ষাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে এসব ভবনের মেরামত ও স্থায়ী বিকল্প খোঁজা জরুরি হয়ে পড়েছে।’’  

তিনি আরও বলেন, ‘‘সবদিক বিবেচনা করেই বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে পুরোপুরি স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।’’ 

   

About

Popular Links

x