বিশ্বের বায়ুদূষণকারী শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২০৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিকে তালিকায় ২৫৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
রবিবার (১৫ নভেম্বর) সোয়া ৮টার দিকে আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন এলাকার বায়ুর মানের যে চিত্র পাওয়া গেছে, তাতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে একিউআই ছিল ৩৯৭। এ মান ‘বিপজ্জনক’ বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়ের। ঢাকার ১০ পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ।
চলতি মাসে এতটা খারাপ হয়নি ঢাকার বাতাস। এ মাসে বাতাস আরও দূষিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ রাজধানীর অন্য এলাকাগুলোর মধ্যে গুলশান লেক পার্কে বায়ুর মান ছিল ২৭৮, বারিধারা লেকসাইডে ২৪৫, বারিধারা পার্ক রোডে ২৩০, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) পর্যবেক্ষণকেন্দ্রে ২২১, ইস্টার্ন হাউজিংয়ে ২১২, বাড্ডার প্রগতি সরণিতে ২০৬, বেজ এজওয়াটারে ১৯৯, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ১৯৫ ও বেচারাম দেউড়ীতে ১৭৪।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে প্রধান দূষক হচ্ছে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। সকাল ৮টার দিকে রাজধানীর বাতাসে এ দূষক পদার্থের ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৩০.৮ মাইক্রোগ্রাম।
বায়ুর মান সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। দূষণের মাত্রা ৩০০ ছাড়ালে সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।



