Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

কবুতর চুরির সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল ৪৫ বছর বয়সী ব্যক্তির

সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেলের বাড়ি বরিশাল সদর এলাকায়। তিনি সোনারগাঁ উপজেলার ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে ভারগাঁও নন্দীপুর এলাকায় মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করেছেন সোহেল, এমন অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক “চোর চোর” বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর উত্তেজিত জনতা সোহেলকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে যায় এবং সেখানে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x