রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীরের আলমের ব্যক্তিগত কর্মকাণ্ডের কোনো দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
রবিবার (১৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, এটি সম্পূর্ণ সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়। রাষ্ট্রবিরোধী বা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে অন্য কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। যথাযথ অনুমোদন পাওয়ার পরই নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয় এবং এরপরই এসপি জাহাঙ্গগীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) মাধ্যমে তদন্ত করা হবে বলে জানান তিনি।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এসপি জাহাঙ্গীরের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
পরবর্তীতে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি রেকর্ড করা হয়। মামলার পর রাতেই সিএমপির এসআরইউ, কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তার জাহাঙ্গগীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।



