একসময় যে গান শুনলে মন ভালো হয়ে যেত, আজ সেই গান শুনতেও ইচ্ছে করে না। প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা নিজের পছন্দের কাজগুলোতেও আর আগের মতো আনন্দ পাওয়া যায় না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে যেন হারিয়ে যাচ্ছে আনন্দ অনুভবের ক্ষমতা। মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থার নাম ‘অ্যানহেডোনিয়া’। এটি হতে পারে বিষণ্ণতা বা ডিপ্রেশনের একটি লক্ষণ।
মানুষের জীবনে আনন্দের উৎস একেকজনের কাছে একেক রকম। কেউ গান শুনে আনন্দ পান, কেউ বই পড়ে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, আবার কেউ নিজের পছন্দের কাজের মধ্যেই খুঁজে পান মানসিক প্রশান্তি। কিন্তু হঠাৎ যদি দেখা যায়, আগে যে বিষয়গুলো মন ভালো করে দিত, সেগুলো আর কোনো আনন্দ তৈরি করছে না, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
অনেক সময় মানুষ এমন পরিস্থিতিতে নিজের অনুভূতির পরিবর্তন বুঝে উঠতে পারেন না। বাইরে থেকে তিনি স্বাভাবিকভাবেই কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, সবার সঙ্গে কথা বলছেন। অথচ ভেতরে কোনো কিছুই যেন আর ভালো লাগছে না। এই অনুভূতিকে শুধু সাধারণ মন খারাপ কিংবা সাময়িক অনীহা হিসেবে দেখার সুযোগ নেই।
ভারতীয় চিকিৎসক ডা. সুমনা কোল এই মানসিক অবস্থার লক্ষণ, মস্তিষ্কের কার্যক্রম এবং করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন।
অ্যানহেডোনিয়া কী?
ডা. সুমনা কোলের ব্যাখ্যা অনুযায়ী, অ্যানহেডোনিয়া হলো আগে উপভোগ করতেন এমন কাজ বা অভিজ্ঞতা থেকে আনন্দ অনুভব করার ক্ষমতা কমে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া। এটি ডিপ্রেশনের একটি লক্ষণ হতে পারে। তবে অ্যানহেডোনিয়া মানেই যে একজন ব্যক্তি বিষণ্নতায় ভুগছে, তা নয়। অন্যান্য পরিস্থিতিতেও এই সমস্যা দেখা দিতে পারে। তাই এর সঠিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ।
অ্যানহেডোনিয়ায় আক্রান্ত ব্যক্তি অনেক সময় দৈনন্দিন জীবনের কাজগুলো স্বাভাবিকভাবে চালিয়ে যান। কিন্তু যেসব কাজ আগে আনন্দ, আগ্রহ কিংবা তৃপ্তি তৈরি করতো, সেগুলোর প্রতিই ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলেন।
লক্ষণসমূহ
- প্রিয় কাজগুলো আর ভালো না লাগা
- বন্ধু কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে যাওয়া
- আগে যেসব বিষয়গুলো আনন্দ বা উত্তেজনা তৈরি করতো, সেগুলোর প্রতি উদাসীন হয়ে পড়া
- ভবিষ্যতে ভালো কিছু ঘটবে - এমন প্রত্যাশা কিংবা উৎসাহ কমে যাওয়া
- দৈনন্দিন জীবনে সবকিছু করছেন, অথচ ভেতরে আনন্দ বা তৃপ্তি অনুভব না করা
মস্তিষ্কে কী ঘটে?
আনন্দ, প্রেরণা এবং পুরস্কার-সম্পর্কিত অভিজ্ঞতার সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন নিউরাল সার্কিট ও ডোপামিনসহ একাধিক নিউরোট্রান্সমিটার জড়িত।
ডা. সুমনা কোল জানান, বিষণ্নতা, দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা অন্যান্য শারীরিক অবস্থায় মস্তিষ্কের এ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। ফলে মানুষের আনন্দ অনুভব, আগ্রহ ও প্রেরণার ক্ষেত্রে পরিবর্তন দেখা দিতে পারে। তবে অ্যানহেডোনিয়াকে শুধু ডোপামিন কমে যাওয়ার ফল বলা ঠিক নয়। এর পেছনে একাধিক জৈবিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কাজ করতে পারে।
এমন হলে কী করবেন?
অ্যানহেডোনিয়া দেখা দিলে নিজের অনুভূতিকে অবহেলা না করে সচেতন হওয়া জরুরি। এ বিষয়ে ডা. সুমনা কোল কয়েকটি পরামর্শ দিয়েছেন -
পছন্দের কাজের জন্য সময় রাখুন: একসময় যেসব কাজ ভালো লাগত, সেগুলোর জন্য প্রতিদিন কিছুটা সময় রাখুন। শুরুতে আনন্দ অনুভব না করলেও ধীরে ধীরে এসব কাজের সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করুন।
নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন: মানসিক সুস্থতার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিন।
পুষ্টিকর খাবার গ্রহণ করুন: সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস বজায় রাখুন।
শারীরিক কার্যকলাপ বাড়ান: প্রতিদিন সামর্থ্য অনুযায়ী শারীরিক কার্যকলাপের জন্য সময় রাখুন। গবেষণায় দেখা গেছে, হালকা থেকে মাঝারি ধরনের বিষণ্নতা ও উদ্বেগ কমাতে এটি অনেক সময় ওষুধ বা থেরাপির মতোই কার্যকর ভূমিকা রাখে।
নিজেকে দোষারোপ করবেন না: আনন্দ অনুভব করতে না পারাকে অলসতা কিংবা দুর্বলতা হিসেবে দেখবেন না। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন।
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
ডা. সুমনা কোলের পরামর্শ অনুযায়ী, আনন্দহীনতা যদি বেশিরভাগ দিন ধরে থাকে, বিশেষ করে দুই সপ্তাহ বা তার বেশি সময় স্থায়ী হয় কিংবা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
চিকিৎসা কি সম্ভব?
অবশ্যই। অ্যানহেডোনিয়ার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সাইকোথেরাপি এবং ওষুধসহ কার্যকর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে কোন ধরনের চিকিৎসা প্রয়োজন, তা নির্ভর করে ব্যক্তির অবস্থা ও সমস্যার কারণের ওপর। তাই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা জরুরি।
অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, অ্যানহেডোনিয়া হলে কি আপনার জীবনে আর কখনও আনন্দ ফিরে আসবে না?
উত্তরটি হবে, না।
বর্তমানে কোনো কিছুতে আনন্দ অনুভব করতে না পারার অর্থ এই নয় যে ভবিষ্যতেও আনন্দ অনুভব করা সম্ভব নয়। নিজের অনুভূতির সঠিক মূল্যায়ন, প্রয়োজনীয় চিকিৎসা এবং যত্ন নেওয়ার মাধ্যমে নিজেকে ভালো রাখা সম্ভব।
এছাড়া প্রিয় গান শুনতে ইচ্ছে না করা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে ভালো না লাগা কিংবা নিজের শখের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার বিষয়গুলোকে সব সময় সাধারণ মন খারাপ ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। মানসিক স্বাস্থ্যের পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে।
মনে রাখতে হবে, জীবনে শুধু দায়িত্ব পালন করে বেঁচে থাকাই নয়, আনন্দ অনুভব করে বেঁচে থাকাও গুরুত্বপূর্ণ।



