রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনে দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় করা মামলায় মারজিয়া খন্দকার রিমিকে জামিন দিয়েছেন আদালত।
তবে একই মামলায় রাষ্ট্র সংলাপ ফোরাম নামে এক সংগঠনের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন জানান, নারী বিবেচনায় আদালত মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেছেন। তবে আল নুর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১১ অক্টোবর দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টা করেন আয়াসসহ একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে, এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়।
এর আগে, গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগহসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।
প্রতিকৃতির বিরোধীতা করে ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজে প্রশ্ন তোলা হয়। পরে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আয়াসের নেতৃত্বে একদল ব্যক্তি প্রতিকৃতিগুলোয় কালি দেওয়ার চেষ্টা করেন।



