Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার লটারি, যেভাবে পাবেন ফলাফল

কর্মী নিয়োগের প্রক্রিয়া হিসেবে ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

কোনো ধরনের অভিবাসন ব্যয় বা খরচ ছাড়াই মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের প্রক্রিয়া হিসেবে ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদনকারীদের মধ্য থেকে এই লটারি পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে ২০০ জন এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স’ পদে ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

লটারির সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের তালিকা খুব দ্রুতই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ প্রার্থীর পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের নিজস্ব প্রতিনিধিদের উপস্থিতিতে এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মী সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর যে নির্বাচনী অঙ্গীকার বর্তমান সরকারের রয়েছে, এ ধরনের স্বচ্ছ ও যুগোপযোগী উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এই প্রথম লটারির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ার উদ্দেশে ফ্লাইট শুরু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, বোয়েসেল এর মধ্যেই পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে। এসব কর্মীর মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে, যার ফলে তাঁরাও সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

   

About

Popular Links

x