Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন

তবে কারা আগুন দিয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে বাস দুটি পুড়ে ভস্মীভূত হয়েছে। 

এদিকে বাসে আগুন দেয়ার ঘটনায় নগরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর রংপুর-ঢাকা রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল অনেকটাই কমে যায়। 

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, প্রথম ঘটনাটি ঘটে বুধবার ভোর ৪টার দিকে রংপুর নগরীর অভিজাত এলাকা পর্যটন পাড়া এলাকায়। পর্যটন মোটেলের উল্টো দিকে লুবনাস ক্যাডেট কোচিং-এর একটি মিনিবাস রাস্তার পার্শ্বে দাঁড় করিয়ে রাখা ছিলো। ভোরবেলা মিনিবাসটি আগুন ধরিয়ে দেয়া হয় বলে প্রত্যাক্ষদর্শীরা জানায়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে আসার আগেই বাসটি পুড়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও বাসটির মালিক লুবিনাস ক্যাডেট কোচিং এর পরিচালক মাসুদ জানান, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেয়া হয়েছে। তবে কারা আগুন দিয়েছে তা জানি না। 

অন্যদিকে দাঁড়িয়ে থাকা মিনিবাসটির পেছনে সিদ্দিকীয়া ইসলামী মিশন মাদ্রসার শিক্ষার্থী মমিনুল ইসলাম জানান, তিনি ভোর ৪টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখতে পান তাদের মাদ্রসার সামনে দাঁড় করিয়ে রাখা মিনিবাসে দাউদাউ করে আগুন জ্বলছে। বিষয়টি হুজুরকে জানালে তিনি বিষয়টি লুনিাস ক্যাডেট কোচিং এর পরিচালককে ফোন করে জানান। এর মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসটি পুড়ে যায়। 

অন্যদিকে দুপুর ২ টার দিকে আর কে রোডের আধা মাইল দুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদুরে পাইকারী মাছের আড়তের কাছে একটি গ্যারেজে দাঁড় করিয়ে রাখা হৃদয় তাসিন পরিবহনের বাসে একইভাবে আগুন ধরিয়ে দেয়া হয়। বাসটি পুড়ে ভস্মীভূত হয়। 

গ্যারেজের কর্মচারী (নাম প্রকাশে অনিশ্চুক) জানান, দুপুর ২টার দিকে বাসটিতে আগুন জ্বলে ওঠে। পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। 

তবে কারা বাস দুটিতে আগুন দিয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি। 

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আবদুল ওয়াদুদ আলম বলেন, ‘‘বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’ 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও বলেন, ‘‘শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’’ 

   

About

Popular Links

x