রাজধানীর মহাখালী, পল্লবী ও বাড্ডার পর এবার রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
এর আগে একই রাতে রাজধানীর আরও তিন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।



