ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার সময় এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
নিহত ব্যক্তির নাম রাজু মোল্লা। তিনি ভাঙ্গা উপজেলার বাকপুড়া এলাকার বাসিন্দা এবং উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই মারা গেছেন।
সড়ক অবরোধের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা পুলিশের সহায়তায় অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



