Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ম্যুরালে টাঙানো হলো মওলানা ভাসানীর প্রতিকৃতি 

‘সেখানে কি ছিলো আমি দেখিনি, ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মান রেখেই এটি করা হয়েছে’, বলেন মাভাবিপ্রবি উপাচার্য 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভেঙে ফেলা অবশিষ্ট কাঠামোয় নতুন করে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত ছবি টাঙানো হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে বঙ্গবন্ধুর অবশিষ্ট ম্যুরালে নতুন করে ফিতা কেটে ভাসানীর ছবিটি টাঙানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল। তবে ২০২৪ সালের অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলেন। তবে, ম্যুরালের মূল স্তম্ভ ও কিছুটা অবকাঠামো অক্ষত ছিল। 

দীর্ঘদিন অব্যবহৃত থাকা সেই ম্যুরালের কাঠামোতেই এবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি স্থাপন করা হলো। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, ‘‘আমি নতুন যোগাদান করেছি। ওই স্থানে একটি ম্যুরাল ভাঙা, ময়লা এবং খারাপ অবস্থায় ছিলো। সেখানে কি ছিলো তা আমি দেখিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা ওই জায়গাটি সুন্দর করে বলেছিলো। ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার প্রতি সম্মান রেখেই এটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশমুখে ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। ভাসানীকে সম্মান দেয়া আমাদের সকলের দায়িত্ব।’’ 

   

About

Popular Links

x