সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত মাহমুদুল হাসানকে (২৪) আটক করা হয়।
আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসা ও বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে গেলে প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান তাকে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি ওই নারীকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। নমুনা নিয়ে প্যাথলজি কক্ষে গেলে মাহমুদুল কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর বাড়িতে ফিরে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে পুরো বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর থানায় হাজির হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কর্মীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পুলিশি পাহারায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



