Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

একইসঙ্গে রুলে স্লিপার বাসের নীতিমালা করতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চাওয়া হয়েছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে স্লিপার বাস পরিচালনা, চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

স্লিপার বাস চলাচলের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় যাত্রীদের নিরাপত্তা, বাসের কারিগরি মান, ফিটনেস ও চলাচলের অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলে জানতে চেয়েছেন।

এর আগে অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধ এবং এ ধরনের বাস পরিচালনায় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন।

পরবর্তী সময়ে আদালতের নির্দেশে স্লিপার বাসের কারিগরি ও নিরাপত্তার বিষয় পর্যালোচনায় একটি কমিটি গঠন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কমিটির প্রতিবেদনে দেশে ডাবল ডেকার স্লিপার বাসের অনুমোদন ও নিবন্ধন এবং এ ধরনের বাস পরিচালনার সুনির্দিষ্ট কারিগরি নির্দেশিকা বা নীতিমালা না থাকার বিষয়টি উঠে আসে।

সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্লিপার বাসের কাঠামো, কারিগরি সক্ষমতা, ফিটনেস, নিবন্ধন ও চলাচলের অনুমোদনের বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।

এর আগে, ৯ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে বলেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেই গুলো রাস্তায় চলাচল করবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়।

তিনি জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৪০-এ বলে দেওয়া রয়েছে যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা সেকশন ৮৪ দ্বারা পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লক্ষ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইনে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।

আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেননি। কেন স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন নীতিমালা করার নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

   

About

Popular Links

x