শীতের শুরুতে উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে ঘন কুয়াশা। তাপমাত্রার পারদ সামান্য উর্ধমুখী থাকলেও সকালের দিকে চারপাশ ঢেকে থাকছে চাদরে। হঠাৎ করে এই ঘন কুয়াশার কারণে জেলার সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সব ধরনের যানবাহন। এছাড়া কুয়াশা ও সম্ভাব্য বৃষ্টির শঙ্কায় রবিশস্য ও শীতকালীন সবজি চাষ নিয়ে কিছুটা উদ্বেগের মধ্যে পড়েছেন স্থানীয় কৃষকরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫%। চলতি শীত মৌসুমে এটিই সর্বোচ্চ কুয়াশার ঘনত্ব বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ এই ঘন কুয়াশার কারণে আমন ধান কাটা, আলু বীজ রোপণ এবং আলুসহ বিভিন্ন শাকসবজির ক্ষেত পরিচর্যার খরচ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
সদর উপজেলার আলম বলেন, কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে এবং শীত অনুভূত হচ্ছে। এই ঘন কুয়াশা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ আরও বেড়ে যাবে।
একই এলাকার মাহফুজুল ইসলাম দিনার বলেন, আজকের কুয়াশা জানান দিচ্ছে উত্তরের জেলায় শীত পুরোপুরি চলে এসেছে। আমরাও শীতের প্রস্তুতি নিতে শুরু করেছি।
ঘুঘুডাঙ্গা গ্রামের কৃষক জুয়েল ইসলাম জানান, ঘন কুয়াশা রবিশস্য ও বিশেষ করে আগাম আলুর জন্য কিছুটা ক্ষতিকর। কুয়াশার কারণে ফসল রক্ষায় অতিরিক্ত স্প্রে করতে হতে পারে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দেবে।
পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার বলেন, “কুয়াশার কারণে ফজরের নামাজের পর রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। তাই একটু দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাজারে আসতে দেরি হয়েছে। আজকেই প্রথম এই মৌসুমে এত কুয়াশা পড়ল।”
শহরের বাহাদুর বাজারে সবজি কিনতে আসা ক্রেতা একরামুল ইসলাম বলেন, “ঘন কুয়াশার কারণে আজ বাজারে চাষিরা দেরিতে সবজি নিয়ে এসেছেন। ফলে বাজারও একটু দেরিতে জমে উঠেছে।”
এদিকে হঠাৎ দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালে চলাচলকারী যানবাহনগুলো সমস্যায় পড়ে। শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার বাস হেলপার সিরাজ বলেন, “কয়েকদিন ধরে কুয়াশা থাকলেও আজ এত বেশি কুয়াশা পড়েছে যে হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে।”
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আরও জানান, গত কয়েকদিন ধরে জেলায় কুয়াশা দেখা দিলেও মঙ্গলবার ও বুধবার এ মৌসুমের সর্বোচ্চ কুয়াশা পড়েছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পর থেকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে এবং শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।



