Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে বাস থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি চালায় এসআরবি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

রাজশাহীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ রাখার বাক্সে একটি ফলের কার্টুন পাওয়া যায়। পরে কার্টুনটি খুলে কাপড় দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পলাতক ওই যাত্রীর পরিচয় ও ঠিকানা শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দতালিকাসহ সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x