পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি জানালো মালিকপক্ষ

তবে এই প্রস্তাব চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের জন্য চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে মালিকপক্ষ। এর বিপরীতে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা। তবে উভয় পক্ষের এই প্রস্তাব চূড়ান্ত নয় এবং তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে মুলতবি হওয়া তৃতীয় দিনের বৈঠক শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব এবং সুপারিশমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, চতুর্থ গ্রেডে মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৫ হাজার ৫০০ টাকা এবং সবশেষ তৃতীয় প্রস্তাবে ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের কথা বলেছে। অন্যদিকে শ্রমিকপক্ষ প্রথমে ৩২ হাজার টাকা, দ্বিতীয় দফায় ২৫ হাজার টাকা এবং সবশেষ তৃতীয় প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি করেছে।

বৈঠকে উপস্থাপিত চারটি গ্রেডের তুলনামূলক চিত্র তুলে ধরে বোর্ড চেয়ারম্যান জানান, ২০২৩ সালের বিদ্যমান কাঠামো অনুযায়ী গ্রেড-১ এ ১৫ হাজার ৫৩৫ টাকা, গ্রেড-২ এ ১৪ হাজার ২৭৩ টাকা, গ্রেড-৩ এ ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড-৪ এ ১২ হাজার ৫০০ টাকা মজুরি চালু রয়েছে। নতুন কাঠামোর প্রথম প্রস্তাবে শ্রমিকপক্ষ গ্রেড-১ এ ৪৮ হাজার, গ্রেড-২ এ ৪৩ হাজার, গ্রেড-৩ এ ৩৮ হাজার এবং গ্রেড-৪ এ ৩২ হাজার টাকা দাবি করেছিল। বিপরীতে মালিকপক্ষ যথাক্রমে ১৭ হাজার ৮৫০, ১৬ হাজার ৯৫০, ১৬ হাজার ১১০ ও ১৫ হাজার টাকা প্রস্তাব করে।

পরবর্তীতে বৈশ্বিক বাজার পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান ও মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় দ্বিতীয় দফায় শ্রমিকপক্ষ গ্রেড-১ এ ৪০ হাজার, গ্রেড-২ ও ৩-এ ৩৫ হাজার এবং গ্রেড-৪ এ ২৫ হাজার টাকা প্রস্তাব দেয়। এর বিপরীতে মালিকপক্ষ যথাক্রমে ১৮ হাজার ১৫০, ১৭ হাজার ২৫০, ১৬ হাজার ৬৫০ ও ১৫ হাজার ৫০০ টাকার প্রস্তাব দেয়।

সর্বশেষ তৃতীয় দফায় শ্রমিকপক্ষ গ্রেড-১ এ ৩৫ হাজার, গ্রেড-২ এ ৩০ হাজার, গ্রেড-৩ এ ২৭ হাজার এবং গ্রেড-৪ এ ২২ হাজার টাকা প্রস্তাব করেছে। বিপরীতে মালিকপক্ষ গ্রেড-১ এ ১৮ হাজার ৮২৮, গ্রেড-২ এ ১৭ হাজার ৮৮৭, গ্রেড-৩ এ ১৬ হাজার ৯৯৬ এবং গ্রেড-৪ এ ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট করেন, এগুলো নিয়ে এখনো আলোচনা চলছে এবং কোনো অবস্থাতেই বর্তমান প্রস্তাবগুলো চূড়ান্ত হিসেবে গ্রহণ করা হচ্ছে না।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপর ৪ নভেম্বর প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয় এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। পরবর্তীতে ১৬ নভেম্বরের সভা স্থগিত হওয়ায় শিল্পাঞ্চলে পুনরায় অস্থিরতা দেখা দেয়। এর ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় তৃতীয় সভা শুরু হয়ে রাত ৯টায় মুলতবি হয় এবং মঙ্গলবার দুপুর ২টায় পুনরায় আলোচনা শুরু হয়।

তৃতীয় দিনের এই সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নিয়েছেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল এবং শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু উপস্থিত রয়েছেন।