তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) গত কয়েক দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।
তবে কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হয়েও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কাজ না করে কর্মবিরতি পালন করছিলেন। তবে শিল্পাঞ্চলের মোট কারখানার তুলনায় ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা কম।
সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকার ২১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নীট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা বন্ধ রয়েছে। এর বাইরে দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলো বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কারখানার পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিশ্চিন্তপুরে বিক্ষোভ, বাস ও কারখানায় ইটপাটকেল
শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজ চললেও সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা দেখা দেয়। সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল সোয়া ১১টার দিকে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের কারখানার কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক প্রথমে শিক্ষার্থীদের একটি বাসে হামলা করেন। পরে পাশের কারখানায় হামলার চেষ্টা করলে তাদের সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়।
এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলসহ বিভিন্ন বস্তুর আঘাতে তিনজন শ্রমিক আহত হন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্য কারখানায় কাজে যোগ দেওয়ায় শ্রমিকদের ওপর হামলার অভিযোগ
এদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার শ্রমিকদের একাংশের বিরুদ্ধে আশপাশের চালু কারখানার শ্রমিকদের ওপর হামলার চেষ্টার অভিযোগ করেছেন সেলিম নামের এক প্রত্যক্ষদর্শী।
তার অভিযোগ, সকালে সাধারণ ছুটি ঘোষণার পর নিউ এইজ কারখানার শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেয়। পরে আশপাশের যেসব কারখানা চালু ছিল, সেগুলোতে হামলার চেষ্টা করে তারা। অন্য কারখানার যেসব শ্রমিক দেরিতে কাজ শেষে বের হচ্ছিলেন, তাদের মারধরও করা হয়। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজনকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সেলিম বলেন, “অন্য কারখানার শ্রমিকেরা কেন কাজ বন্ধ না করে কাজে যোগ দিয়েছেন, সেই ক্ষোভ থেকেই তাদের ওপর হামলা করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।”
গতকাল ২৫ কারখানায় ছুটি ঘোষণা
এর আগে গতকাল রোববার কারখানা খোলা থাকলেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় দিনের শেষে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে কর্মবিরতি চললেও সেদিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিল্প পুলিশ আশা করছে, পরিস্থিতি এভাবে স্বাভাবিক থাকলে কাজ না করার কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হওয়া কারখানার সংখ্যা আরও কমে আসবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, তাদের আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা রয়েছে ১,৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি। এসব পোশাক কারখানার ৪৭০টি রপ্তানিমুখী।



