তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নতুন বৈজ্ঞানিক জরিপের প্রয়োজন বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। হালনাগাদ করা সঠিক তথ্যের উপর ন্যূনতম মজুরি নির্ধারিত হোক, এমনটাই প্রত্যাশা সংস্থাটির।
সিপিডির সাম্প্রতিক বিশ্লেষণের বিভিন্ন দিক সম্পর্কে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) যেসব পর্যবেক্ষণ দিয়েছে, তার জবাবে এসব কথা জানিয়েছে সংস্থাটি। তবে সুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক হবে না বলে জানায় গবেষণাপ্রতিষ্ঠানটি।
রবিবার (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানকে পাঠানো এক চিঠিতে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এ বক্তব্য তুলে ধরেন।
বক্তব্যে সিপিডি জানিয়েছে, তারা বিজিএমইএর পর্যবেক্ষণগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং প্রতিষ্ঠানটি মনে করে গঠনমূলক মতবিনিময়ের মাধ্যমে একটি তথ্য-উপাত্তভিত্তিক ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করা সম্ভব।গবেষণাপ্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকাশিত গবেষণার তথ্যের ওপর ভিত্তি করে একটি পরিবারে গড় সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন ধরার যৌক্তিকতার পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে।
সংস্থাটির মতে, সাধারণ গড়ের পরিবর্তে মধ্যক (মিডিয়ান) ব্যবহার করার ফলে ভিন্ন ভিন্ন সময়, স্থান ও পদ্ধতিতে পরিচালিত গবেষণার অস্বাভাবিক উচ্চ বা নিম্ন মানের কারণে সৃষ্ট বিভ্রান্তি কমানো সম্ভব হয়েছে।
তবে, এ পরিসংখ্যানগুলো কোনো প্রতিনিধিত্বশীল জরিপের ওপর ভিত্তি করে তৈরি নয় এবং এটি এ ধরনের জরিপের বিকল্পও হতে পারে না। সিপিডি প্রোপোজেস মিনিমাম ওয়েজ ফর গার্মেন্ট ওয়ার্কার্স ভিডিওটিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির এই প্রস্তাবনা ও বিশ্লেষণের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
খানার (পরিবারের) আকার নির্ধারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ ব্যবহারের জন্য বিজিএমইএর প্রস্তাবের জবাবে সিপিডি বলেছে, ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে খানা আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) বেশি প্রাসঙ্গিক। কারণ, এতে আয়, ব্যয়, ভোগ ও দারিদ্র্যের বিস্তারিত তথ্য পাওয়া যায়। দারিদ্র্যসীমাভিত্তিক মজুরির হিসাব করার ক্ষেত্রে তারা খানা আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) ২০২২-এর আওতায় ঢাকা বিভাগের শহরাঞ্চলের মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা ৪ হাজার ৯২২ টাকাকে ভিত্তি হিসেবে ধরেছে।
একই জরিপ থেকে খানার (পরিবারের) আকার এবং ব্যয়ের তথ্য ব্যবহার করায় হিসাবের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
ঢাকার শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ব্যবহারের বিষয়ে সিপিডি বলেছে, অনেক পোশাকশ্রমিক শহর ও শহর-সংলগ্ন শিল্প এলাকায় বসবাস করেন, যেখানে তাদের বাড়িভাড়া দিতে হয় এবং বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হয়। এই দারিদ্র্যসীমার হিসাব কেবল ঢাকা মহানগরীর জন্য নয়, বরং গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলসহ পুরো ঢাকা বিভাগের শহরাঞ্চলকে অন্তর্ভুক্ত করে।
সংস্থাটি জানিয়েছে, বিজিএমইএ যদি এলাকাভিত্তিক শ্রমিকের সংখ্যা সরবরাহ করে এবং এর বিপরীতে বিবিএসের দারিদ্র্যসীমার তথ্য পাওয়া যায়, তবে শ্রমিকদের সংখ্যানুপাতে (ওয়ার্কার-ওয়েটেড) একটি দারিদ্র্যসীমা হিসাব করা সম্ভব।
আবাসন ব্যয় দুবার হিসাব করা হয়েছে বলে বিজিএমইএ যে উদ্বেগ প্রকাশ করেছে, তা-ও নাকচ করে দিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, অত্যাবশ্যকীয় ব্যয় হিসাব করার আগে তারা খাদ্যবহির্ভূত ব্যয় থেকে বাড়িভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দিয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারা অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এতে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও মালিকদের সক্ষমতার মতো বিষয়গুলো বিবেচনার কথা বলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



