সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরে হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে ৯ জন মারা গেছে। তাদের মধ্যে- ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল।
সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো ১ হাজার ২৪৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।



