পাঁচ মহাদেশের ৩১টি দেশে শতাধিকবার ভ্রমণের পর একটি প্রশ্নের মুখোমুখি সবচেয়ে বেশি হতে হয়- “বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এতগুলো দেশ কম খরচে ঘুরলেন কীভাবে?”
উত্তরটা খুব সহজ, কিন্তু এর পেছনের কৌশলগুলো বেশ গোছানো। বিদেশ ভ্রমণের জন্য ব্যাংক ব্যালেন্সের চেয়েও যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো সঠিক পরিকল্পনা এবং স্মার্ট মানসিকতা।
২০১২ সালে নেপাল সফরের মধ্য দিয়ে আমার আন্তর্জাতিক ভ্রমণের শুরু। তখন পুঁজি ছিল সামান্য সঞ্চয়, কিন্তু স্বপ্ন ছিল আকাশছোঁয়া। বিলাসবহুল হোটেল বা দামি ট্যাক্সির পেছনে অর্থ ব্যয় না করে আমি বেছে নিয়েছি সাধারণ মানুষের জীবনযাত্রার কাছাকাছি থাকার উপায়। এতেই যেমন খরচ অর্ধেকে নেমে এসেছে, তেমনি মিলেছে দারুণ সব অভিজ্ঞতা।
হালকা ব্যাগ ও সাশ্রয়ী যাতায়াত কম খরচে ভ্রমণের প্রথম শর্ত হলো ব্যাগের ওজন কমানো। আমি দীর্ঘ বহু-দেশীয় সফরেও বড় লাগেজের বদলে শুধু ৭ কেজির কেবিন ব্যাগ নিয়ে ভ্রমণ করি। এতে বিমানবন্দরে লাগেজের বাড়তি ফি বাঁচে, সময় বাঁচে এবং এক শহর থেকে আরেক শহরে যাওয়া অনেক সহজ হয়। এ ছাড়া যাতায়াতের জন্য ট্যাক্সির বদলে মেট্রো, ট্রাম বা লোকাল বাস ব্যবহার করুন। যেকোনো নতুন শহরে নেমেই সেখানকার ‘ডে-পাস’ বা ট্রাভেল কার্ড কিনে নিলে যাতায়াত খরচ অবিশ্বাস্যরকম কমে যায়।
থাকা ও খাওয়ার স্মার্ট সমাধান ভ্রমণ বাজেটের বড় একটি অংশ চলে যায় থাকা ও খাওয়ায়। একা বা বন্ধুদের সঙ্গে ঘুরলে দামি হোটেলের বদলে ভালো মানের হোস্টেল বা শেয়ার্ড কিচেনযুক্ত অ্যাপার্টমেন্ট বেছে নিন। নিজের রান্না নিজে করলে যেমন খরচ বাঁচে, তেমনি বিদেশের মাটিতে দেশীয় খাবারের স্বাদও পাওয়া যায়। লন্ডনের এক হোস্টেলের শেয়ার্ড কিচেনে আমি যখন খিচুড়ি আর ডিম ভাজি রাঁধছিলাম, তখন মশলার ঘ্রাণে মুগ্ধ হয়ে তিন ফরাসি পর্যটক তা চেখে দেখেন এবং পরদিনই আমার কাছ থেকে রেসিপি শিখে নেন। ভ্রমণের এমন ছোট ছোট মুহূর্তই ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করে।
ভিসা ও ইমিগ্রেশন জয়ের সূত্র ভিসা নিয়ে অযথা ভয় না পেয়ে কাগজপত্র নির্ভুলভাবে সাজান। প্রথমবারেই ইউরোপ বা আমেরিকার আবেদন না করে নেপাল, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশ ঘুরে পাসপোর্টে শক্তিশালী ‘ট্রাভেল হিস্ট্রি’ তৈরি করুন। ভিসা আবেদনের সময় আপনার পেশা, আয় এবং দেশে ফিরে আসার যৌক্তিক কারণগুলো কভার লেটারে স্পষ্টভাবে তুলে ধরুন। কখনোই কোনো ভুয়া তথ্য বা নথি দেবেন না।
কাগজপত্র ঠিক থাকলে ইমিগ্রেশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। হাতে রাখুন রিটার্ন টিকিট, হোটেল বুকিংয়ের কপি এবং ভ্রমণের সংক্ষিপ্ত পরিকল্পনা। ইমিগ্রেশন কর্মকর্তার প্রশ্নের উত্তর দিন আত্মবিশ্বাসের সাথে, সংক্ষেপে এবং হাসিমুখে।
প্রযুক্তি ও স্থানীয় সংস্কৃতির ব্যবহার অচেনা শহরে পথ চিনতে ও ভাষা বুঝতে স্মার্টফোনই আপনার সেরা বন্ধু। যাত্রার আগেই গুগল ম্যাপস এবং গুগল ট্রান্সলেটের অফলাইন ভার্সন ডাউনলোড করে রাখুন। ইংরেজিতে খুব বেশি দক্ষ না হলেও সমস্যা নেই; প্রয়োজনীয় কিছু মৌলিক শব্দ আর আন্তরিক হাসি দিয়েই পৃথিবীর যেকোনো প্রান্তে কাজ চালিয়ে নেওয়া যায়।
জরুরি কপি ও অর্থের হিসাব ভ্রমণের আগে পাসপোর্ট, ভিসা, টিকিট ও হোটেল বুকিংয়ের প্রিন্ট কপির পাশাপাশি ইমেইল বা ক্লাউডে ডিজিটাল কপি রাখুন। সেই সাথে স্থানীয় মুদ্রা ও কার্ড ব্যবহারের নিয়ম জেনে নিলে অপ্রত্যাশিত বিপদে পড়তে হয় না।
তবে মনে রাখতে হবে, প্রতিটি দেশের নিজস্ব আইন ও সংস্কৃতি রয়েছে। ফিলিপাইনে হালাল খাবারের সংকটে পড়ে স্থানীয়দের সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে অনুমতি নিয়ে টানা পাঁচ দিন আম খেয়ে কাটিয়েছিলাম। আবার সৌদি আরব বা ইউরোপের কিছু সংরক্ষিত এলাকায় ছবি তোলার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। তাই ভ্রমণের আগে গন্তব্যের স্থানীয় নিয়মকানুন জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।
ভ্রমণ কেবল পাসপোর্টে সিল বাড়ানোর প্রতিযোগিতা নয়; এটি নিজেকে নতুন করে আবিষ্কার করার মাধ্যম। টোকিও থেকে বার্লিন-সবজায়গাতেই দেখেছি মানুষ মূলত ভালোবাসা ও সম্মানের ভাষা বোঝে। তাই সাধ্যের মধ্যে পরিকল্পনা করুন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এবং ছড়িয়ে দিন মানবতার বার্তা- “মানুষকে ভালোবাসো, প্রকৃতিকে বাঁচাও, পৃথিবীকে জানো।”



