জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে স্বাগত জানিয়ে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। নতুন এই ব্যবস্থার মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন জমা দিতে পারবেন। একইসঙ্গে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনার লক্ষ্যও রয়েছে দূতাবাসের।
রবিবার (১৫ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।
নতুন পোর্টালে যেসব সুবিধা পাওয়া যাবে
১. অনলাইনে আবেদন জমা: দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে।
২. নথিপত্রের প্রাথমিক যাচাই: VFS-এর মাধ্যমে আবেদনকারীদের জমা দেওয়া প্রয়োজনীয় নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করা হবে।
৩. দ্রুত অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া: নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্য প্রদান, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
৪. আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ: ডিজিটাল পোর্টালে প্রবেশ করে আবেদনকারীরা তাদের ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
৫. পরিবারের সদস্যদের সঙ্গে আবেদন: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একই প্রক্রিয়ায় যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, যারা পুরোনো ব্যবস্থায় ইতোমধ্যে নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় রয়েছেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রসহ পুনরায় আবেদন জমা দিতে হবে।
এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সাময়িক কিছু অসুবিধা তৈরি হতে পারে। তবে নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদন যাচাই ও অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
কীভাবে আবেদন করবেন?
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিস্তারিত নির্দেশনা পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীদের জন্য কতটা ইতিবাচক হবে এই উদ্যোগ?
জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।
তবে মনে রাখতে হবে, ডিজিটাল পোর্টাল চালু হলেই প্রত্যেক আবেদনকারীর ভিসা দ্রুত অনুমোদিত হবে - এমন নিশ্চয়তা নেই। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, নথিপত্রের যথার্থতা এবং অন্যান্য বিষয় বিবেচনায় ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।



জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন, প্রস্তুতি নেবেন যেভাবে