কানাডায় অভিবাসনের ক্ষেত্রে আগামী তিন বছরের জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সরকার। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পাশাপাশি প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীকে অস্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় আসার সুযোগ দেওয়া হবে।
গত ৫ নভেম্বর ২০২৭-২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করে দেশটি।
পরিকল্পনায় সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ হলো, কানাডায় বর্তমানে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা করার সুযোগ তৈরি করা। এ তালিকায় ১ লাখ কর্মী ও তাদের পরিবারের সদস্য এবং মানবিক বিবেচনায় আরও ১ লাখ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) বলছে, দেশের শ্রমবাজারের প্রয়োজন, অর্থনৈতিক পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি পরিষেবার ওপর চাপের বিষয়গুলো বিবেচনা করেই নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা
নতুন অভিবাসন পরিকল্পনায় ২০২৭, ২০২৮ ও ২০২৯ - প্রতিটি বছরেই ৩ লাখ ৮০ হাজার করে নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। তিন বছরে এই সংখ্যা দাঁড়াবে ১১ লাখ ৪০ হাজারে।
স্থায়ী বাসিন্দা নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক অভিবাসন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছরে মোট স্থায়ী বাসিন্দার ৬৪ শতাংশের বেশি এই কর্মসূচির আওতায় নেওয়া হবে।
এক্ষেত্রে বিদেশ থেকে নতুন আবেদনকারী আনার পাশাপাশি কানাডায় বর্তমানে কর্মরত ও অধ্যয়নরত ব্যক্তিদের স্থায়ী বাসিন্দা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, সেসব খাতে অভিজ্ঞ কর্মীদের দীর্ঘ মেয়াদে ধরে রাখতে চায় দেশটি।
প্রতিবছর ২ লাখ ২০ হাজার কর্মী ও ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী
অস্থায়ী বাসিন্দা গ্রহণের ক্ষেত্রেও নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার অস্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে থাকবেন ২ লাখ ২০ হাজার বিদেশি কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী।
অর্থাৎ বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের আগমন পুরোপুরি বন্ধ না করে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে চাইছে কানাডা। একইসঙ্গে দেশের শ্রমবাজারের প্রয়োজনীয়তা এবং উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার উদ্যোগও চালু থাকবে।
অস্থায়ী বাসিন্দার সংখ্যা নিয়ন্ত্রণে রাখা গেলে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য সরকারি পরিষেবার ওপর বাড়তি চাপ সামলানো সহজ হবে বলে মনে করছেন সরকার।
২ লাখ অস্থায়ী বাসিন্দার স্থায়ী হওয়ার বিশেষ ব্যবস্থা
নতুন পরিকল্পনায় আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, কানাডায় আগে থেকেই বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী বাসিন্দা করার উদ্যোগ। বিশেষ এই ব্যবস্থা শুধু ২০২৭ সালের জন্য কার্যকর করার পরিকল্পনা রয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হবে দুটি ভাগে।
প্রথম ভাগে ১ লাখ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে। কানাডার অর্থনীতিতে অবদান রাখছেন এবং গুরুত্বপূর্ণ খাতে কাজ করছেন, এমন ব্যক্তিদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এই প্রক্রিয়ায় প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে সমন্বয় করবে ফেডারেল সরকার। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের (পিএনপি) আওতায় অতিরিক্ত মনোনয়নের সুযোগ তৈরি করে স্থানীয় শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী কর্মী বাছাই করা হবে। এ ছাড়া আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামসহ কয়েকটি ফেডারেল অভিবাসন কর্মসূচিতে আগে আবেদন করেছেন, এমন কিছু প্রার্থীকেও বিবেচনায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে দ্বিতীয় ভাগে মানবিক বিবেচনায় আরও ১ লাখ ব্যক্তিকে স্থায়ী বাসিন্দা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন এবং পারিবারিক বা মানবিক কারণে স্থায়ী বসবাসের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
এই উদ্যোগে হংকংয়ের নাগরিকদের জন্য স্থায়ী বসবাসের বিশেষ পথ এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির বাকি আবেদনগুলো নিষ্পত্তির বিষয়টি রয়েছে। পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় (এইচঅ্যান্ডসি) যোগ্য আবেদনকারীদেরও গুরুত্ব দেওয়া হবে।
এক্সপ্রেস এন্ট্রিতে দক্ষ পেশাজীবীদের গুরুত্ব
অর্থনৈতিক অভিবাসনের ক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে দক্ষ কর্মী বাছাইয়ের কার্যক্রম আরও জোরদার করতে চায় কানাডা। স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে।
ক্যাটাগরিভিত্তিক নির্বাচনব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট পেশায় দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের আমন্ত্রণ জানানোর কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি এক্সপ্রেস এন্ট্রির অধীন বিভিন্ন ফেডারেল অর্থনৈতিক কর্মসূচি এবং কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে।
সরকারের লক্ষ্য, অভিবাসীর সংখ্যা বাড়ানোর পরিবর্তে কানাডার অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে অবদান রাখতে পারবেন, এমন যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়া।
কুইবেকের বাইরে ফরাসিভাষী অভিবাসীর সংখ্যা বাড়ানোর লক্ষ্য
কানাডার নতুন পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বাড়তি সুযোগ রাখার কথা বলা হয়েছে। বিশেষ করে কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠীর সংখ্যা বাড়াতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, কুইবেকের বাইরে নতুন স্থায়ী বাসিন্দাদের মধ্যে ফরাসিভাষীদের হার ২০২৭ সালে ৯.৫%, ২০২৮ সালে ১০.৫% এবং ২০২৯ সালে ১২%-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে।
ফরাসিভাষী সংখ্যালঘু সম্প্রদায়কে শক্তিশালী করার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলগুলোর শ্রমবাজারের চাহিদা পূরণও এ উদ্যোগের উদ্দেশ্য।
অভিবাসনের সুযোগ বাড়ানোর পরিকল্পনা
কানাডার সব প্রদেশ ও অঞ্চলে শ্রমবাজারের চাহিদা এক রকম নয়। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর সংকট রয়েছে। এসব অঞ্চলের প্রয়োজন মেটাতে নতুন পরিকল্পনায় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের (এআইপি) আওতায় অভিবাসী নেওয়ার সুযোগ বাড়ানোর উদ্যোগ রয়েছে।
এছাড়া রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচিকে স্থায়ী করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে গ্রামীণ ও আঞ্চলিক সম্প্রদায়গুলো নিজেদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী আকৃষ্ট করার সুযোগ পাবে।
জনসংখ্যা ও আবাসনসংকট সামলাতে নতুন পরিকল্পনা
সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আবাসনসংকট এবং স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি পরিষেবার ওপর চাপও বেড়েছে। নতুন অভিবাসন পরিকল্পনায় এসব চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।
সরকারের পরিকল্পনা হলো, অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণে রেখে ২০২৭ সালের পর থেকে স্থায়ী বাসিন্দাদের বার্ষিক আগমনের হার দেশটির মোট জনসংখ্যার ১%-এর নিচে নামিয়ে আনা।
সব মিলিয়ে নতুন পরিকল্পনায় কানাডা অভিবাসনের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম কর্মীদের ধরে রাখার কৌশল নিয়েছে। বিশেষ করে দেশটিতে আগে থেকেই বসবাসরত ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী করার উদ্যোগ নতুন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
তবে আবেদন প্রক্রিয়া ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে প্রকাশ করা হবে।



বিদেশি শিক্ষার্থী নিতে বড় পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার, ভিসাতেও আসছে পরিবর্তন
কানাডায় উচ্চশিক্ষা: শুধু ডিগ্রি নয়, পড়াশোনা শেষে মিলতে পারে কাজের সুযোগ