Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুধু ইংরেজি নয়, ক্যারিয়ারে কাজে আসবে যে ৯ বিদেশি ভাষা

কোন ভাষা শিখবেন, তা নির্ভর করছে আপনার আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম

বর্তমানে শুধু নিজের দক্ষতা তুলে ধরাই নয়, অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি, তাদের সংস্কৃতি বোঝা এবং নতুন কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও ভাষার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা শেখা হতে পারে ক্যারিয়ার গড়ার কার্যকর পদক্ষেপ। কারণ চাকরি, উচ্চশিক্ষা কিংবা আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ  - বিদেশি ভাষা জানা থাকলে আপনি অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকতে পারেন।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, ব্যবসা ও কর্মসংস্থানের সম্পর্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা ভাষা শেখার আগ্রহও তৈরি হচ্ছে। কোন ভাষা শিখবেন, তা নির্ভর করতে পারে আপনার পেশাগত লক্ষ্য ও আগ্রহের ওপর। কেউ প্রযুক্তি বা উৎপাদনশিল্পে কাজ করতে চান, কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, আবার কারও লক্ষ্য আন্তর্জাতিক সম্পর্ক কিংবা পর্যটনশিল্পে ক্যারিয়ার গড়া। এসব লক্ষ্য সামনে রেখে শিখতে পারেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিদেশি ভাষা।

মান্দারিন চীনা

চীনের অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক বাণিজ্যে দেশটির গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে মান্দারিন চীনা ভাষা শেখার আগ্রহ বাড়ছে। উৎপাদন, রপ্তানি, প্রকৌশল, অর্থায়ন ও সরবরাহ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে চীনের সঙ্গে কাজ করতে হলে এ ভাষা জানা জানা থাকলে বাড়তি সুবিধা পেতে পারেন।

মান্দারিন চীনা চীন ও তাইওয়ানের বিপুলসংখ্যক মানুষের মাতৃভাষা। এছাড়া সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশেও ভাষাটির ব্যবহার রয়েছে। চীনা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বাণিজ্য কিংবা চীনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পেশায় কাজ করার পরিকল্পনা থাকলে ভাষাটি শেখা কাজে আসতে পারে।বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চীনা ভাষা শেখার সুযোগ রয়েছে।

জাপানি

প্রযুক্তি, ইলেকট্রনিকস ও গাড়ি নির্মাণশিল্পে জাপানের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। দেশটির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে কিংবা জাপানে পড়াশোনা ও পেশাগত জীবনের প্রস্তুতি নিতে জাপানি ভাষা সহায়ক ভূমিকা পালন করতে পারে। গবেষণা, প্রকৌশল, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রেও জাপানি ভাষার ব্যবহারিক গুরুত্ব রয়েছে। দেশটির ভাষা জানা থাকলে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ সহজ হয় এবং কর্মক্ষেত্রের পরিবেশ বুঝতেও সুবিধা পাওয়া যায়। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানি ভাষা শেখার সুযোগ রয়েছে।

জার্মান

ইউরোপে পড়তে যাওয়া কিংবা সেখানে চাকরি করার পরিকল্পনা থাকলে জার্মান ভাষা শিখে রাখতে পারেন। জার্মানি প্রকৌশল, গাড়ি নির্মাণ, ওষুধশিল্প ও গবেষণার জন্য পরিচিত। এসব বিষয়ে পড়াশোনা বা কাজ করতে চাইলে জার্মান ভাষা জানা কাজে লাগতে পারে। জার্মানি ছাড়াও অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের কিছু অঞ্চলে ভাষাটির প্রচলন রয়েছে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও গোয়েথে ইনস্টিটিউটে জার্মান ভাষা শেখার সুযোগ আছে।

তুর্কি

তুরস্কের সঙ্গে শিক্ষা, ব্যবসা ও সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে তুর্কি ভাষা কাজে আসতে পারে। তুরস্ক ছাড়াও বলকান অঞ্চল, ককেশাস ও পশ্চিম ইউরোপের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাষাটির ব্যবহার রয়েছে। প্রযুক্তি, জ্বালানি, পর্যটন, অর্থায়ন ও ব্যবসার মতো ক্ষেত্রে তুরস্কের সঙ্গে কাজ করার পরিকল্পনা থাকলে তুর্কি ভাষা শেখা উপকারী হতে পারে। দেশটিতে পড়াশোনা কিংবা বৃত্তির সুযোগ খুঁজছেন, এমন শিক্ষার্থীদের জন্যও ভাষাটি শেখা সহায়ক। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে তুর্কি ভাষা শেখার সুযোগ রয়েছে।

স্প্যানিশ

স্প্যানিশ বিশ্বের বহুল ব্যবহৃত ভাষাগুলোর একটি। স্পেন ছাড়াও মধ্য ও দক্ষিণ আমেরিকার অনেক দেশে ভাষাটি প্রচলিত। ফলে এসব অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা সেখানকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার ক্ষেত্রে স্প্যানিশ জানা জরুরি।

মিডিয়া, ব্যাংকিং, বিপণন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সেবার মতো ক্ষেত্রেও ভাষাটির ব্যবহার রয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করতে কিংবা স্প্যানিশভাষী দেশগুলোতে পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ খুঁজতে আগ্রহীদের জন্য ভাষাটি শেখা কার্যকর হতে পারে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে স্প্যানিশ ভাষা শেখার সুযোগ রয়েছে।

কোরিয়ান

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি, ইলেকট্রনিকস ও রপ্তানিশিল্প আন্তর্জাতিকভাবে পরিচিত। দেশটিতে পড়াশোনা, চাকরি কিংবা কোরীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চাইলে কোরিয়ান ভাষা শেখা গুরুত্বপূর্ণ। কোরিয়ান পপসংগীত, নাটক, চলচ্চিত্র ও ফ্যাশনের জনপ্রিয়তার কারণে ভাষাটির প্রতি আগ্রহও বেড়েছে। তবে বিনোদনের প্রতি আগ্রহ থেকে ভাষা শেখা শুরু করলেও তা পরবর্তী সময়ে শিক্ষা ও কর্মজীবনে কাজে লাগতে পারে।

বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শেখার সুযোগ রয়েছে।

ফরাসি

আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও বৈশ্বিক উন্নয়ন খাতে কাজ করতে আগ্রহীদের জন্য ফরাসি ভাষা বেশ গুরুত্বপূর্ণ। ফ্রান্স ছাড়াও কানাডা, বেলজিয়াম, সুইজারল্যান্ড এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভাষাটির ব্যবহার রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ফরাসি ব্যবহৃত হয়। এ ছাড়া শিক্ষা, পর্যটন, আন্তর্জাতিক ব্যবসা ও উন্নয়ন সংস্থায় কাজের ক্ষেত্রেও ভাষাটি কাজে লাগতে পারে। ফরাসিভাষী দেশগুলোতে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলেও ভাষাটি শেখা উপকারী। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শেখার সুযোগ রয়েছে।

আরবি

মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান, ব্যবসা কিংবা জ্বালানি খাতে কাজের পরিকল্পনা থাকলে আরবি ভাষা শেখা বিশেষভাবে কাজে আসতে পারে। সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশে কর্মরত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্যও ভাষাটি জানা গুরুত্বপূর্ণ। তেল ও গ্যাস, নির্মাণ, পর্যটন, ব্যবসা এবং বিভিন্ন সেবামূলক পেশায় আরবি জানা বাড়তি সুবিধা দিতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পড়াশোনা বা পেশাগত যোগাযোগের ক্ষেত্রেও ভাষাটির প্রয়োজন রয়েছে। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি ভাষা শেখার সুযোগ রয়েছে।

ইতালীয়

ফ্যাশন, নকশা, শিল্পকলা, খাদ্যশিল্প ও গাড়ি নির্মাণে ইতালির পরিচিতি রয়েছে। এসব ক্ষেত্রে পড়াশোনা কিংবা পেশাগত জীবন গড়তে চাইলে ইতালীয় ভাষা শেখা উপকারী হতে পারে। ইতালি ছাড়াও সুইজারল্যান্ড, সান মারিনো ও ভ্যাটিকান সিটিতে ভাষাটির ব্যবহার রয়েছে। ইতালীয় ভাষা জানা থাকলে দেশটির মানুষের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় শিক্ষা ও কর্মপরিবেশে মানিয়ে নেওয়া সহজ হতে পারে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইতালীয় ভাষা শেখার সুযোগ রয়েছে। 

কোন ভাষাটি শিখবেন?

বিদেশি ভাষা শেখার আগে নিজের লক্ষ্য ঠিক করে নেওয়া ভালো। কোন দেশে পড়তে চান, কোন খাতে কাজ করতে চান কিংবা ভবিষ্যতে কোন অঞ্চলের মানুষের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে - এসব বিবেচনায় ভাষা বেছে নিতে পারেন।

ভাষা শেখার পাশাপাশি সেই ভাষায় নিয়মিত কথা বলা, শোনা, পড়া ও লেখার অভ্যাস জরুরি। শুধু সনদ অর্জন নয়, বাস্তবে যোগাযোগ করতে পারার দক্ষতাই ভাষা শেখার বড় অর্জন। সঠিক পরিকল্পনা ও নিয়মিত চর্চা থাকলে একটি বিদেশি ভাষাও ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে।

   

About

Popular Links

x