Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভুয়া ইন্টারভিউ লিংকের ফাঁদ, চাকরিপ্রার্থীরা সতর্ক হবেন যেভাবে

লিংকডইনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া নিয়োগদাতারা চাকরির প্রস্তাব দিয়ে প্রার্থীদের ফাঁদে ফেলছেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম

চাকরির সুযোগের আশায় অনলাইনে আবেদন করতে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেক চাকরিপ্রার্থী। লিংকডইন, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া নিয়োগদাতারা চাকরির প্রস্তাব দিয়ে প্রার্থীদের ফাঁদে ফেলছেন। পরে ইন্টারভিউ বা দক্ষতা যাচাইয়ের কথা বলে ক্ষতিকর ফাইল কিংবা সফটওয়্যার ডাউনলোড করানো হচ্ছে।

সম্প্রতি বিবিসি এমনই একটি ঘটনার কথা তুলে ধরেছে। লিংকডইনে পাওয়া একটি ভুয়া ইন্টারভিউ লিংকে প্রবেশ করে এক চাকরিপ্রার্থী ১৮ হাজার পাউন্ডের ক্রিপ্টোকারেন্সি ও নিজের সঞ্চয় হারিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ লাখ টাকা।

বাংলাদেশেও অনলাইন চাকরির নামে প্রতারণার ঝুঁকি বাড়ছে। লিংকডইন ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগকর্তা বা রিক্রুটাররা চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন। আকর্ষণীয় পদের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠানোর পর ইন্টারভিউ কিংবা ‘টেকনিক্যাল টেস্ট’-এর কথা বলে ই-মেইলে বিশেষ ফাইল, সফটওয়্যার বা ভুয়া ইন্টারভিউ টুল ডাউনলোড করতে বলা হচ্ছে।

এসব ফাইল বা সফটওয়্যারে ক্লিক কিংবা ইনস্টল করলেই ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার বা ভাইরাস প্রবেশ করতে পারে। এরপর হ্যাকাররা মোবাইল ফোন বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ই-ওয়ালেটের পাসওয়ার্ড চুরি করে অর্থ হাতিয়ে নিতে পারে।

চাকরির বাজারে প্রতিযোগিতা বেশি থাকায় দ্রুত কোনো সুযোগ পাওয়ার আশায় অনেকেই যাচাই-বাছাই না করেই এসব লিংকে ক্লিক করে ফেলেন। 

যেসব বিষয়ে সতর্ক থাকবেন

কিছু বিষয়ে সতর্ক থাকলে এ ধরনের প্রতারণা এড়ানো সম্ভব। যেমন - 

প্রতিষ্ঠানের পরিচয় নিশ্চিত করুন

কোনো চাকরির প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ দেখুন। প্রয়োজনে প্রতিষ্ঠানে সরাসরি ফোন করে নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রস্তাবটি সত্যি কি না নিশ্চিত হয়ে নিন।

অপরিচিত কিছু ডাউনলোড করবেন না

ইন্টারভিউ বা ‘টেকনিক্যাল টেস্ট’-এর নামে কোনো অপরিচিত অ্যাপ, সফটওয়্যার বা ফাইল ডাউনলোড করতে বলা হলে তা এড়িয়ে চলুন।

ই-মেইল ঠিকানা খেয়াল করুন

প্রতিষ্ঠিত কোম্পানির নিয়োগসংক্রান্ত যোগাযোগ সাধারণত তাদের নিজস্ব ডোমেইন বা অফিশিয়াল ই-মেইল ঠিকানা থেকে আসে। জিমেইল বা ইয়াহুর মতো বিনামূল্যের মেইল ঠিকানা থেকে যোগাযোগ করা হলে বিষয়টি যাচাই করে নিন।

টাকা বা ব্যক্তিগত তথ্য দেবেন না

নিয়োগ বা ইন্টারভিউয়ের জন্য কোনো অর্থ চাওয়া হলে সতর্ক হোন। জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংকের পাসওয়ার্ড বা ওটিপির মতো ব্যক্তিগত ও গোপন তথ্য কারও কাছে দেওয়া উচিত নয়।

ডিভাইস সুরক্ষিত রাখুন

মোবাইল ও কম্পিউটারে অ্যান্টিভাইরাস হালনাগাদ রাখুন এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন।

অনলাইনে চাকরি খোঁজার সময় আকর্ষণীয় প্রস্তাব পেলেই দ্রুত সাড়া না দিয়ে আগে সেটি যাচাই করা জরুরি। সতর্ক থাকলেই সাইবার প্রতারকদের ফাঁদ এড়ানো সম্ভব। 

   

About

Popular Links

x