জীবনসঙ্গী খুঁজতে সাধারণত ডেটিং অ্যাপের সাহায্য নেন অনেকে। তবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের অ্যারিন প্যাটারসন সে পথে হাঁটেননি। ৩৬ বছর বয়সী এই অবিবাহিত নারী বরং নিজের জন্য তৈরি করেছেন একটি গুগল ফরম। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছেন তিনি। এখন পর্যন্ত ২৪০ জনের বেশি পুরুষ সেখানে আবেদন করেছেন।
প্যাটারসন তার এই উদ্যোগের নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’, অর্থাৎ ‘স্বামীর আবেদনপত্র’। তৈরি করা ফরমটির লিংক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে শেয়ার করার পাশাপাশি সেটি পিন করে রেখেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন এমন পদ্ধতি বেছে নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্যাটারসন। তাঁর অভিজ্ঞতায়, প্রচলিত ডেটিং অ্যাপে সম্ভাব্য সঙ্গী খুঁজতে গিয়ে অনেক সময় ব্যয় হয়। তাই পরিচয়ের শুরুতেই একজন ব্যক্তির জীবনধারা, চিন্তাভাবনা ও সম্পর্কের প্রত্যাশা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এই ফরম তৈরি করেছেন তিনি। এতে সম্পর্ক নিয়ে আগ্রহ নেই এমন ব্যক্তিদেরও সহজে বাদ দেওয়া সম্ভব হবে বলে মনে করেন প্যাটারসন।
আবেদনপত্রে রাখা হয়েছে ব্যক্তিগত ও সম্পর্ককেন্দ্রিক নানা প্রশ্ন। সেখানে প্রার্থীদের পেশাগত লক্ষ্য, দৈনন্দিন জীবনযাপন এবং ব্যক্তিগত অভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিয়ে নিয়ে তাদের ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারিবারিক জীবন সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।
শুধু নিজের সম্পর্কে জানানো নয়, সম্ভাব্য সঙ্গীর কাছ থেকে কী প্রত্যাশা করেন এবং কোন বিষয়গুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় - সেটিও ফরমে লেখার সুযোগ রয়েছে আবেদনকারীদের জন্য।
প্যাটারসনের নিজের চাহিদার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। তিনি এমন একজন পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার। তাঁর সঙ্গে কফি কিংবা রাতের খাবারে দেখা করে মন খুলে কথা বলতেও আগ্রহী হতে হবে। এরপর সেই পরিচয় শেষ পর্যন্ত কোন ধরনের সম্পর্কে গড়ায়, সেটি সময়ের সঙ্গে দেখতেই প্রস্তুত তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি ছড়িয়ে পড়ার পর প্যাটারসনের উদ্যোগ নিয়ে নানা প্রতিক্রিয়া এসেছে। কেউ এটিকে সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখেছেন। আবার কয়েকজন জানিয়েছেন, জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে তারাও একই ধরনের পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছেন।



