ভ্রমণের সময় হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, হোটেলসহ আতিথেয়তা-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা।
মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের প্রকাশিত তথ্যমতে, ‘ক্যাপটিভক্রাঞ্চ’ নামে পরিচিত এই হ্যাকিং অভিযানের মাধ্যমে গত মে মাস থেকে হোটেলসহ আতিথেয়তা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
মাইক্রোসফট জানায়, হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার পর অনেক ব্যবহারকারীর সামনে ভুয়া পপ-আপ বার্তা দেখানো হচ্ছে। এসব বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন যন্ত্রে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোডে প্রলুব্ধ করা হয়।
প্রতিষ্ঠানটির ভাষ্য, একবার ক্ষতিকর সফটওয়্যার যন্ত্রে প্রবেশ করলে হ্যাকাররা দূর থেকেই সেটির নিয়ন্ত্রণ নিতে পারে। পাশাপাশি তারা পর্দার স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হয়।
মাইক্রোসফট আরও জানিয়েছে, হোটেলের ওয়াই-ফাই ব্যবহারের সময় হঠাৎ কোনো পপ-আপ বার্তা দেখা গেলে সেটিতে ক্লিক না করাই নিরাপদ। অনেক সময় এসব বার্তা উইন্ডোজ বা অন্য কোনো সফটওয়্যারের হালনাগাদের নোটিশের মতো দেখালেও, ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পরপরই অপ্রত্যাশিতভাবে এমন বার্তা এলে তা হ্যাকারদের ফাঁদ হতে পারে।
এ ধরনের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে ভ্রমণের সময় সম্ভব হলে পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে মোবাইল হটস্পট ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।



