Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মিলবে যেসব সুবিধা

অস্ট্রেলিয়ার নাগরিকদের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ও পিএইচডি করতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, যাতায়াত ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গবেষণাক্ষেত্রে এ বৃত্তি দেওয়া হয়। বিষয়গুলোর মধ্যে রয়েছে কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, কৃষি, স্থাপত্য, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, প্রকৌশল, শিক্ষা, পরিবেশ, খাদ্যবিজ্ঞান, স্বাস্থ্য, কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, আইন, চারুকলা ও পরিবেশনশিল্প, সংগীত, বিজ্ঞান এবং ভেটেরিনারি বিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

জাতীয়তার ভিত্তিতে আবেদনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অস্ট্রেলিয়ার নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা ও গবেষণার সম্ভাবনা মূল্যায়ন করা হবে।

স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা এবং পিএইচডির জন্য প্রাসঙ্গিক স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতা প্রয়োজন হতে পারে। তবে নির্দিষ্ট প্রোগ্রাম অনুযায়ী শিক্ষাগত ফলাফল ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে।

সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রির জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত টিউশন ফি মওকুফের সুবিধা পেতে পারেন।

এছাড়া ২০২৬ সালের পূর্ণকালীন অধ্যয়নের হারে বছরে সর্বোচ্চ ৩৯,৫০০ অস্ট্রেলীয় ডলার জীবনযাত্রা ভাতা দেওয়া হবে (বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা)। এছাড়া যাতায়াত ও স্বাস্থ্যবিমাসহ অন্যান্য আর্থিক সুবিধাও রয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে - 

  • শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • দুটি সুপারিশপত্র
  • গবেষণা প্রস্তাব, যদি সংশ্লিষ্ট বিভাগ চায়
  • প্রকাশিত প্রবন্ধ বা গবেষণাপত্র, যদি থাকে
  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ, প্রযোজ্য ক্ষেত্রে
  • নির্দিষ্ট প্রোগ্রামের শর্ত অনুযায়ী লেখার নমুনা, সৃজনশীল কাজের নমুনা অথবা জিআরই বা জিম্যাট পরীক্ষার ফলাফল

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী শিক্ষার্থীদের ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। গবেষণাভিত্তিক প্রোগ্রামে ভর্তি ও বৃত্তির জন্য বিবেচিত হওয়ার নিয়ম প্রোগ্রামভেদে আলাদা হতে পারে।

বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত ও আবেদনের প্রক্রিয়া জানতে ওয়েবসাইটে ভিজিট করতে হবে।  

   

About

Popular Links

x