Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

ভুক্তভোগী নারী ও তার স্বামী দুজনই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর স্বামী নাজমুল ইসলামকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আটক ওই নারীর স্বামী নাজমুল ইসলামও একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো। নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তার অর্থের চাহিদা বাড়তে থাকে। একপর্যায়ে অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও চলতে থাকে।

তিনি আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় ফারজানার সঙ্গে তার কথা হয়েছিল। তখন তার কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “ ওই নারীকে নির্যাতনের অনেক তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। একারণে তার স্বামীকে আটক করা হয়েছে। সেইসঙ্গে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”

   

About

Popular Links

x